জাতীয় সংবাদ

অর্থ লুটপাটের জন্য প্রকল্প ও উন্নয়নের নামে বয়ান সৃষ্টি করা হয়েছিল: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রবাহ রিপোর্ট : শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল বলে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সচিব ও জ্যেষ্ঠ সচিবরা জানিয়েছেন। এখন সচিব ও জ্যেষ্ঠ সচিবরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দাবি করেছেন বলেও জানান দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দেবপ্রিয় বলেন, কর্মকর্তারা জানিয়েছেন প্রকল্প নেওয়ার আগেই জমি কেনার অনিয়ম পাওয়া গেছে। প্রকল্পের দরকারি যন্ত্রপাতি কিনতে দুর্নীতি করা হয়েছে। ঠিকাদার নিয়োগেও অনিয়ম করা হয়েছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে সব প্রকল্প অনুমোদনে ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল। সেই সময় উন্নয়নের নামে যে বয়ান সৃষ্টি করা হয়েছিল এর বিপক্ষে কেউ কিছু করতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আলোচনায় বক্তারা জানান, তারা পুরোটাই পরিস্থিতির শিকার ছিলেন। কেউ কেউ হেনস্থার শিকার হয়েছেন বলেও জানান তারা। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দুর্বলতা কাটানো দরকার জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও চলমান সংস্কার কাজ ঠিক মতো হলে জবাবদিহি নিশ্চিত হবে। কমিটিপ্রধান বলেন, দ্রুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হবে। এরপর সরকার সিদ্ধান্ত নেবে এটি নিয়ে কী করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button