জাতীয় সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভেলেনটিনো ফিরি।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। গত রোববার মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তার এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন বলে জানা যায়। এই সফর বাংলাদেশ ও মালাউইর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button