আইনি সহায়তার আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রবাহ রিপোর্ট : রাজধানীর ভাটারা থানায় এক নারীকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহরিয়ার কবির সজল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢাবি) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওসিসির সমন্বায়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, ভিকটিম হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার ফরেনসিকসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর প্রতারণার শিকার হয়ে বিচার চাইতে বিভিন্ন স্থানে ঘুরছিলেন। এই সুযোগে গত বৃহস্পতিবার দুপুরে শাহরিয়ার কবির সজল তাকে আইনি সহযোগিতা দেওয়ার কথা বলে ভাটারা থানাধীন তার বাসায় নিয়ে যান। সেখানে তিনি জোরপূর্বক ধর্ষণের শিকার হন এবং কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত শাহরিয়ার কবির সজলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডিএনএ প্রোফাইলিং ও ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাহরিয়ার কবির সজল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের দবিরুল ইসলামের ছেলে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই রিফাত আল আফসানী।



