জাতীয় সংবাদ
জুমার নামাজের আগে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

প্রবাহ রিপোর্ট : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদের ভেতরে প্রবেশের সময় এ তল্লাশি চালানো হয়। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



