জাতীয় সংবাদ

মিথ্যা সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাজ নয়: চেয়ারম্যান প্রেস কাউন্সিল

এফএনএস: ‘মিথ্যা সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাজ নয়’ জানিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘হলুদ সাংবাদিকতার বিষয়টি অনেক বড় নয়। চাঞ্চল্য সৃষ্টির জন্য অতিরঞ্জিত ও মিথ্যাই হচ্ছে হলুদ সাংবাদিকতা।’ গতকাল রোববার বেলা ১১টার দিকে চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গত বেশ কয়েক বছরে হলুদ সাংবাদিকতার প্রচলন বেড়েছে’ জানিয়ে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ‘সম্প্রতি এ চর্চা কমে এসেছে। কারণ, এখন ইলেকট্রনিক মিডিয়া থাকার কারণে কোনো কিছু ঘটার সাথে সাথেই প্রচার হচ্ছে। সবকিছু খুব সহজে আমাদের সামনে চলে আসছে।’ তিনি বলেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রেসকাউন্সিলের বইতে বিধান আছে। কোনো সংবাদ প্রকাশ করা যাবে না সেসব বিষয়গুলো উল্লেখ আছে। এগুলো আপনারা পড়ে দেখবেন। বিচার বিভাগের লোক হিসেবে আমরা চাঞ্চল্য, অতিরঞ্জিত ও মিথ্যা শব্দগুলো উপলব্দি করি। হলুদ সাংবাদিকতায় এ শব্দগুলো ব্যবহার হয়েছে। আমি বিশ^াস করি সাংবাদিকরা কেউ ইচ্ছে করে মিথ্যা সংবাদ প্রকাশ করে না।’ বিচারপতি আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে জনগণের মুখপত্র। বিশে^র অন্য দেশের তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের চাহিদা খুবই কম। কিন্তু আমরা যারা নানা পেশায় এবং দায়িত্বে আছি তাদের মধ্যে সমস্যা হয়। সাধারণ মানুষ অনেক কিছুই জানেন না। কিন্তু সাংবাদিকরা সমাজের সর্বক্ষেত্রে বিচরণ থাকায় অনেক খবর রাখেন। তবে ইদানিং মিডিয়া শব্দটি বেশি ব্যবহার হচ্ছে। মিডিয়া বলতে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমও বুঝানো হয়। এই মাধ্যমটির লাগাম টেনে ধরা প্রয়োজন। এই বিষয়ে আইনও হয়েছে। যা খুবই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই আইনের মুখোমুখি সাংবাকিরাও হয়েছেন।’ তিনি বলেন, ‘প্রেস কাউন্সিল নিয়ে এখনো আইন হয়নি। এটি তৈরি করে পর্যালোচনা হয়েছে। এই আইনটি বর্তমানে মন্ত্রণালয়ে অপেক্ষমান আছে।’ চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমাসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button