জাতীয় সংবাদ

অভিনেতা সিদ্দিক হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডে

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ’র আদালত এ আদেশ দেন। এদিন সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম। আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউট রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডে এ সিদ্দিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন। সেসময় কান্নাকাটি করছিলেন অভিনেতা। সিদ্দিককে ধরে নিয়ে যাওয়ার সময় ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিলেন তারা। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে তিনি মনোনয়ন পাননি। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button