জাতীয় সংবাদ

গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ গোপালগঞ্জ সদর উপজেলায় সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বিজিবি সদস্যের নাম হাফিজুর রহমান রিপন (৪৫)। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কলপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান রিপনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে কলপুর এলাকায় একটি জুয়ার আড্ডায় পুলিশ হানা দেয়। উক্ত জুয়ার আড্ডায় সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান রিপন অংশ নিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা বিভিন্ন দিক ছুটে পালায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে ওই সাবেক বিজিবি সদস্য স্ট্রোক করে মারা যেতে পারেন। ওই বিজিবি সদস্যের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাফিজুর রহমান রিপনের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, গত মঙ্গলবার দুপুরের খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন তিনি (হাফিজুর)। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। গতকাল বুধবার সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশকে খবর দেন। তবে ঘটনাস্থলে পুলিশ আসতে সময় লাগে মাত্র ১০ মিনিট কিন্তু তারা সেখানে পৌঁছায় তিন ঘণ্টারও পরে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মোঃ আনসার উদ্দিন বলেন, সাবেক বিজিবি সদস্যের মোবাইল ফোন পুলিশ হেফাজতে রয়েছে। জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে হয়তো অভিযান চালাতে পারে। সেসময় পালাতে গিয়ে তার মোবাইল ফোন পড়ে গেলে পুলিশ পেয়ে হয়তো জব্দ করতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে মরদেহের ময়নাতদন্ত শেষে তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button