ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রবাহ রিপোর্ট : ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতির ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মুর্মু নতুন হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। জ্যেষ্ঠ কূটনীতিক রাষ্ট্রদূত হামিদুল্লাহ এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন। রাষ্ট্রদূত হামিদুল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং দুই দেশের জনগণের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বর্তমান নিয়োগের আগে রাষ্ট্রদূত হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।



