জাতীয় সংবাদ

আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হলো: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ায় শুকরিয়া আদায় করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হলো। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে। এ জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই-সংগ্রাম শেষে জামায়াতে ইসলামী দল হিসেবে আজ তার ন্যায্য অধিকার ফিরে পেলো। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো। আপিল বিভাগের এই রায়ে আমরা সন্তুষ্ট। বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী ‘স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮’ এর আগে ও পরে যথাযথ প্রক্রিয়া মেনে দাঁড়িপাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেয়। অংশগ্রহণমূলক সব জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল। তিনি বলেন, জামায়াতে ইসলামী ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সব প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত হয়। এ অবস্থায় একটি বিশেষ মহল ২০০৯ সালের ২৫ জানুয়ারি জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করে। হাইকোর্ট বিভাগ ২০১৩ সালের ১ আগস্ট এক বিভক্ত রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেন। হাইকোর্ট বিভাগের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করে জামায়াত। আপিল বিভাগ আজ সর্বসম্মত রায়ে জামায়াতে ইসলামীর দায়ের করা আপিলটি মঞ্জুর করে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। আমরা আরও একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, আজ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হলো এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো। আমরা আশা করছি, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এক নতুন মাত্রা লাভ করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button