সরকারি জমিতে রিকশা গ্যারেজ, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর লালবাগে সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চান মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান এ তথ্য জানান। তিনি বলেন, চান মিয়াকে গত মঙ্গলবার রাতে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। থানা সূত্রে জানা গেছে, চান মিয়া দীর্ঘদিন ধরে লালবাগ থানার বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়া পট্টি এলাকায় সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ চালাচ্ছিলেন। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি শহীদনগর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল শহীদনগর ৩ নম্বর গলিতে অভিযান চালিয়ে চান মিয়াকে আটক করে এবং তাকে লালবাগ থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, চাঁদাবাজি ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।



