ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও তিন, হাসপাতালে ৪২৮

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। পাশাপাশি একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন রোগী। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯২ জনের মৃত্যু হল। আর অগাস্টের ছয় দিনে নয়জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৮১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগ এবং একজন রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অগাস্ট মাসের প্রথম ছয়দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩২ জন রোগী। এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১৩৩ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশাল বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫০ জন এবং রংপুর বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৫৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৯৫ জন। দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।



