চিকিৎসা বাংলাদেশেই আছে, বিদেশে ছুটবেন না: জামায়াত আমির

প্রবাহ রিপোর্টঃ চিকিৎসা বাংলাদেশেই আছে, বিদেশে ছুটবেন না: জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজনীতিক বন্ধুদের বলবো— চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে ছুটবেন না। সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌড়াবেন। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে চিকিৎসাব্যবস্থার ত্রুটিগুলো পূরণ হয়ে যেত বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হলে বিদেশে চিকিৎসার জন্য ছুটে যান। এর ফলে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই? জামায়াত আমির বলেন, দেশের চিকিৎসার প্রতি সব সময় আস্থা ছিল। সেই চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।এ ছাড়া ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান তিনি।



