জাতীয় সংবাদ

রাজশাহীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট : রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের তিন জনের বিরুদ্ধেই একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ রয়েছে। গত শনিবার দিবাগত রাতে তিন জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল। গতকাল রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার তিন জন হলো- রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার শান্ত (২৫) এবং রাজশাহীল বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)। র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে তোলে আসামি আরিয়ান। গত ৩০ আগস্ট তারা নগরের ভদ্রা এলাকায় দেখা করে। এ সময় আরিয়ান আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যায় ভুক্তভোগীকে। সেখানে শান্ত ও পিয়াম অবস্থান করছিল। সেখানে তিন জন ওই তরুণীকে ধর্ষণ করে। র‌্যাব আরও জানায়, গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠায় এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেয়। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়াতদন্ত করছিল। তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button