জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ওপর কিছু চাপিয়ে দেবে না কমিশন: আলী রীয়াজ

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ওপর তারা জোর করে কিছু চাপিয়ে দেবেন না। তার ভাষায়, “সনদ বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের কাছে নেই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন সরকারকে জানাতে পারে।” গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ। ২৯টি রাজনৈতিক দল এদিন আলোচনায় অংশ নেয়। জুলাই জাতীয় সনদের খসড়া হলেও সেটি এখনও চূড়ান্ত হয়নি। বাস্তবায়নের উপায় কী হবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। সেই দূরত্ব ঘুচিয়ে এক জায়গায় আনতে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের তৃতীয় দফার এই বৈঠক। দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, “সর্বশেষ আলোচনায় নোট অফ ডিসেন্টসহ কিছু কিছু জায়গায় আমরা একমাত্র হতে পেরেছিলাম। তার একটি খসড়া আমরা আপনাদের দিয়েছিলাম, আপনারা মতামত দিয়েছেন। অঙ্গীকারনামার বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। আশা করছি চূড়ান্ত খড়সা বিকাল নাগাদ পৌঁছে দেওয়া যাবে।” তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের একটি প্যানেল করে আমরা একাধিকবার আলোচনা করেছি। এই প্যানেলে দুইজন সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী, একজন আইনের শিক্ষক ছিলেন। “প্যানেলে আলোচনার এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেলকে যোগ দিতে বলেছিলাম, তিনি যোগ দিয়েছিলেন। আইন উপদেষ্টা একটা বৈঠকে যোগ দিয়েছিলেন। বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে বুঝতে পেরেছি, জুলাই সনদের কিছু কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।” আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ বাস্তবের নিয়ে আমরা কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি না। জোর করে কোনো কিছু চাপিয়ে দেব না। আমরা চাচ্ছি বিশেষজ্ঞ প্যানেল এবং দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকের কাছে সুপারিশ করতে।” এর আগে দ্বিতীয় দফার বৈঠক শেষে ঐকমত্য কশিনের পক্ষ থেকে বলা হয়েছিল কমিশন ওই দফার আলোচান শেষেই জুলাই সনদে স্বাক্ষরের প্রক্রিয়া শেষ করবে। তবে তা হয়নি। সবশেষ জুলাই সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামতের জন্য ২২ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এরপরই এ নিয়ে আবার দলগুলোর ভিন্ন মতের খবর আসে। সেসব সমন্বয় করে চূড়ান্ত খসড়া গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোকে সই করার জন্য দেওয়ার কথা। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐকমত্য কমিশন সংশ্লিষ্টরা বহুল আলোচিত এ সনদে সই করবেন।



