জাতীয় সংবাদ

নোয়াখালীতে ভাড়া বাসায় নববধূর লাশ রেখে পালালেন স্বামী

প্রবাহ রিপোর্ট ঃ নোয়াখালী জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। তার নাম সাদিয়া ইসরাত মীম (২১)। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মীম হাতিয়া পৌরসভার চরকৈলাশ গ্রামের মো. সাব্বির হোসেনের মেয়ে। এর আগে গতকাল শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে পুলিশ। মৃতের বাবা সাব্বির হোসেন জানান, চলতি বছরের ১১ এপ্রিল লক্ষ্মীপুরের রামগতির চর মসনা এলাকার নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদের কাছে বিয়ে দেন হয়। তারা দুজনে ভালোবেসে বিয়ে করেন। নোয়াখালী কলেজে পড়ার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর থেকে তারা মাইজদী শহরের অধ্যাপক কাদেরের ভাড়া বাসায় বসবাস করছিলেন। গতকাল শুক্রবার সকালে স্বামী দ্বীন মোহাম্মদ মীমের খালাতো বোন জুঁই ও তার শাশুড়ি মুন্নিকে ফোন দিয়ে বলেন, মীম হয়তো বিষপানে আত্মহত্যা করেছে। দ্রুত বাসায় আসেন, আমরা গাড়ির জন্য বের হয়েছি। এরপর তিনি আর বাসায় ফেরেননি। জুঁই ঘটনাস্থলে এসে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের খালাতো বোন শ্রেষ্ঠা বলেন, একই বাসায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভা নামে আরেক ছাত্রী সাবলেট থাকতেন। ঘটনার পর থেকে তিনিও নেই। তিনি নাকি ঢাকা যাচ্ছেন। আমার বোনকে পরিকল্পিতভাবে তার স্বামী হত্যা করেছেন। সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহনন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button