জাতীয় সংবাদ

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রবাহ রিপোর্ট : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত আনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, স্থানীয় জনতা এবং নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা অংশ নেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করে। বক্তারা অভিযোগ করেন, ১৮ অক্টোবর বিকালে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চার দিন পর, বুধবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর মামলা দায়ের হলেও প্রশাসন কিংবা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এমনকি অভিযুক্ত আনারুলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত আনারুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অভিযুক্ত আনারুল ইসলাম ওই গ্রামের আব্বাস মিয়ার ছেলে এবং তিনি কৃষি পেশায় নিয়োজিত। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে বলে জানা যায়। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, এ ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button