৬ মাসের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে নির্মাণকাজ সম্পন্নের নির্দেশ

প্রবাহ রিপোর্ট : উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নির্মাণাধীন ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ছয় মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। গতকাল শুক্রবার সকালে উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালটির নির্মাণাধীন ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ছয় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সব কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে তুলনায় হাসপাতালের প্রস্তুতি দুর্বল। জরুরি বিভাগকে আরও বেশি কার্যকর করা, জরুরি অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি আইসিইউ দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য সচিব হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে রোগীদের জন্য দেওয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল হাসান।



