জাতীয় সংবাদ

সারদা পুলিশ একাডেমি থেকে ‘নিখোঁজ’ ডিআইজি এহসানউল্লাহ

প্রবাহ রিপোর্ট : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। দুই দিন ধরে তিনি একাডেমিতে অনুপস্থিত থাকলেও শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, “ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে শুনেছি। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ একাডেমি থেকে জানা গেছে, ‘ক্রসফায়ার’ ও বিচারবহির্ভূত হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ দল সারদা পুলিশ একাডেমিতে যায়। তবে অভিযানের আগেই তিনি পালিয়ে যান।
পুলিশের ভাষ্য, ডিআইজি এহসানুল্লাহ আগেই জানতে পারেন যে তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় পৌঁছাচ্ছে। খবরটি জানার পর পর তিনি মোটরসাইকেলে করে একাডেমি থেকে দ্রুত বেরিয়ে যান।
ডিআইজি এহসানুল্লাহ বরিশালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকটি বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িত ছিলেন; যা নিয়ে গত বছরের ৫ অগাস্টের পর মামলা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button