বেনাপোলে সীমান্তে অভিযান চালিয়ে মাদক উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর ঘিবা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। গত বৃহস্পতিবার ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা গ্রামের পূর্ব পাড়ার একটি মাঠে অবস্থান নেয়। রাত ১২টার দিকে কিছু চোরাকারবারিকে ভারত থেকে মাথায় করে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া দেয় বিজিবি। এ সময় চোরাকারবারিরা মাথার বস্তা ফেলে পালিয়ে ভারতের মধ্যে চলে যায়। পরে বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঘিবা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছেন। জব্দ করা গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



