জাতীয় সংবাদ

মন্ত্রণালয়ের ভুল নাম সংশোধন করতে বললেন প্রধান উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট ঃ বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পুরাতন নাম ব্যবহার করায় তা সংশোধন করতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তার বক্তব্য শেষে প্রধান উপদেষ্টাকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়ে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ হয়েছে বলে জানান। তবে অনুষ্ঠানের ব্যানারে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ দেখে প্রধান উপদেষ্টা বলেন, এখনও কিন্তু তোমাদের লেখায় আগের নাম রয়ে গেছে, ওটা সংশোধন করতে হবে। থ্যাংক ইউ, আমরা স্বাগত জানাই নতুন নামকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা ১০০ বছর পরেও আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। তিনি বলেন, আজ তার জন্মদিন উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম, কেন এই ১০০ বছরেও আরও বেগম রোকেয়া এলো না আমাদের মাঝখানে, যিনি আমাদের পথ দেখাতেন, এগিয়ে নিয়ে যেতেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ যে নারী সমাজ গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয় সবাইকে উজ্জীবিত করবে। তিনি বলেন, আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, মেয়েরা এসেছে, তারা যার জায়গা দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণঅভ্যুত্থান দেখিয়েছে। আজ আমাদের সামনে যারা বসে আছেন, তারা আমাদের বের করে আনবেন। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিলেন সেই ডাক ১০০ বছর পরে হলেও ওখানে যেন শোনা যায়। আমরা যেন এটা করতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button