রায়েরবাজারে আরও ৪ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে রায়েরবাজার স্মৃতিসৌধ- সংলগ্ন কবরস্থান থেকে লাশ উত্তোলন ও ডিএনএ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিনে দুটি এবং দ্বিতীয় দিনে আরও চারটি- মোট ছয়টি লাশ উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক মান বজায় রেখে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে পরিচালিত হচ্ছে। এ কাজে সহযোগিতা করছে ঢাকার জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, আন্তর্জাতিক মিনেসোটা প্রটোকল সম্পূর্ণরূপে মেনেই কাজটি করা হচ্ছে। শুরুর দিকে কিছুটা সময় লাগছে। প্রথম দিনে দুটি লাশ উত্তোলন করেছি। উত্তোলনের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ, ময়নাতদন্ত করে পুনরায় দাফন করা হয়েছে। যথারীতি গত সোমবার সকাল থেকেই কাজ শুরু হয়েছে। দ্বিতীয় দিনে আরও চারটি লাশ উত্তোলন করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব লাশের ডিএনএ নমুনা, ময়নাতদন্ত করা হয়েছে। এ কাজ চলমান থাকবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআরের মাধ্যমে আসা আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফনডিব্রাইডা তদারকি করছেন পুরো ফরেনসিক কার্যক্রম। পাশাপাশি ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞরাও যুক্ত আছেন এবং শুরুতেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিআইডি জানায়, অজ্ঞাত শহীদদের পরিচয় জানতে এখন পর্যন্ত সাত পরিবারে ১১ জন স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন। সংগ্রহ করা নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিতের কাজ চলছে। কার্যক্রম অত্যন্ত সংবেদনশীল ও সময়সাপেক্ষ হলেও যত দ্রুত সম্ভব সব অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্তে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।



