পরিবর্তন, সংস্কার চাইলে হ্যাঁ ভোট দিন: তথ্য উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবাইকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে আপনি কী কী পাচ্ছেন, এটা আমরা বলছি। না দিলে কী কী পাচ্ছেন না, এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে সে না ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত। তিনি বলেন, আগেও বলেছি, এখনো বলি-নির্বাচন হবে। এটা ১২ই ফেব্রুয়ারিতেই হবে, ইনশাআল্লাহ। মানুষের মধ্যে নির্বাচন ও আইন-শৃঙ্খলা নিয়ে সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বে থাকে। এটা হচ্ছে ওই কূটচালেরই একটা অংশ-যা আমি না থাকলে নির্বাচন হবে কিনা। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের মানুষ অনেক সচেতন। ওই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট-দুইটাতেই অংশ নেবেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ ইস্যুতে উপদেষ্টা বলেন, এটা অভিযোগ আসবে না-এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকায় ব্যত্যয় ঘটছে, সে তো নির্বাচন কমিশনকে বলবে। আর নির্বাচন কমিশনের কিন্তু নিজস্ব আইনেই এর প্রতিকার দেওয়ার বিধান আছে। আইনে কেন প্রতিকার দেওয়ার বিধান থাকল? কারণ এরকম হতে পারে। তিনি আরও বলেন, সমস্ত দেশের ৩০০ আসনে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না। এক-দুইটা জায়গায় যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে বলবে-নির্বাচন কমিশন প্রতিকার দেবে। বলার পরেও যদি প্রতিকার না পায়, তখন সেটা একটা প্রশ্ন। এদিকে, বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মার্কিন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যে নতুন সিদ্ধান্ত এসেছে সেটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর প্রেক্ষিতে এটা গতকালই (গত বুধবার) মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করবেন। কয়েকদিন আগে ছিল ভিসা বন্ডিং ইস্যু। সপ্তাহ পেরোতে আবার ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এক ধরনের ৭৫টা দেশের মধ্যে বাংলাদেশও। আমাদের কি কোথাও আসলে গ্যাপ থেকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যে সমস্ত দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল এসাইলাম চায়, যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাদের সরকার ঠিক করছে। তিনি বলেন, সেই সমস্ত দেশের ব্যাপারে এ নিষেধাজ্ঞাগুলো, এ শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কি করণীয়, গতকালই (গত বুধবার) আমরা সিদ্ধান্তটা জেনেছি, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। প্রসঙ্গত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স। আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার কথা খবরে বলা হয়েছে।



