চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চালক-হেলপাররা। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ ও সে দৃশ্য ভিডিও ধারণ করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।



