জাতীয় সংবাদ

‘ভোটের ব্যালট হাতে পাওয়ার আনন্দ ধরে রাখতেই কেউ এটি পোস্ট করেছেন’

# পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে ইসির ব্যাখ্যা #

প্রবাহ রিপোর্টঃ সম্প্রতি বাহরাইনে এক ঠিকানায় অনেক পোস্টাল ব্যালট পৌঁছানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তারই পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি, প্রবাসী ভোটাররা ভোটের একটি ব্যালট হাতে পাওয়ার আনন্দ ধরে রাখতেই কেউ এটি পোস্ট করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল প্রসঙ্গে ইসির বক্তব্য জানতে চাইলে আখতার আহমেদ বলেন, বাহরাইনের বিষয়টি হচ্ছে—আপনারা জানেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল ব্যালট পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের পোস্টাল সিস্টেম ভিন্ন রকমের। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে প্রায় ১৬০টি ব্যালট একটি জায়গায় একটি বক্সে রেখে দেওয়া হয়েছে।তিনি বলেন, ডেলিভারি পয়েন্ট হিসেবে বিষয়টি অনেকটা ছাত্রজীবনের মতো— হোস্টেলে যেমন একটি নির্দিষ্ট জায়গায় চিঠিপত্র রেখে দেওয়া হতো এবং সেখান থেকে সবাই নিজের চিঠি নিয়ে নিতো, ঠিক সেভাবেই একটি বক্সে ১৬০টি ব্যালট রাখা হয়। পরে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ওই বক্স খুলে চার-পাঁচজন মিলে ভাগ করে নেন—যে যার পাশের ঘরে থাকে, সে তারটা নিয়ে পৌঁছে দেবে, ব্যাপারটা এরকম। ইসি সচিব বলেন, যে ভিডিওটি করা হয়েছে সেটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রবাসী ভোটাররা ভোটের একটি ব্যালট হাতে পাওয়ার আনন্দ ধরে রাখতেই কেউ এটি পোস্ট করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনও ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনও কিছু নাই। তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। এটি তাদের পক্ষ থেকে সরাসরি ডেলিভারি করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। বাহরাইন পোস্ট জানিয়েছে, তারা সরেজমিন তদন্ত করে বিষয়টি জানাবে। এটা কেন ঘটলো, তাদের সঙ্গে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোনও ব্যতিক্রম হয়েছে কিনা—এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে এবং এইটাই হচ্ছে সর্বশেষ অবস্থান।
উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button