জাতীয় সংবাদ

‘রাস্তা আটকে জনভোগান্তি নিরসনে প্রয়োজনে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান’

প্রবাহ রিপোর্টঃ রাজধানীর সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিপূরণে ছাত্র-জনতার আন্দোলনের ফলে সৃষ্ট জনভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, মানুষের নূন্যতম নাগরিক দায়িত্ববোধ না থাকলে সরকারের একার পক্ষে সব সামলানো কঠিন। জনভোগান্তি নিরসনে প্রয়োজনে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দায়িত্ববোধ বাড়েনি। গত ১৬ মাসে প্রায় ২ হাজার আন্দোলন রাস্তায় হয়েছে। আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষের যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে, তা কি আমরা স্মরণে রাখছি?” রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “আমরা যদি ফ্যাসিস্ট হাসিনাকে দমন করার শক্তি রাখি, তবে গণমানুষের ভোগান্তি কমাতেও আমাদের ভূমিকা রাখা উচিত।” উপদেষ্টা পরিষদের মেয়াদ আর মাত্র এক মাস বাকি উল্লেখ করে তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, “আমরা তো আর এক মাস পরেই থাকছি না। আমি খুব আগ্রহ নিয়ে দেখব, আমাদের মেয়াদ শেষ হওয়ার পর রাস্তায় আর কত আন্দোলন হয়।” এ সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তিনি জানান, এটি মূলত একটি সৌজন্যমূলক বৈঠক এবং এতে কোনও বিশেষ রাজনৈতিক এজেন্ডা নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button