জাতীয় সংবাদ

বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন সার দিলো রাশিয়া

প্রবাহ রিপোর্ট : রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার দিয়েছে। গতকাল সোমবার রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে এ উপহার হস্তান্তর করেছে। এ উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। এছাড়াও ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ভারপ্রাপ্ত উপ-কান্ট্রি ডিরেক্টর ডেভিড ধমাস, রাশিয়া উরালকেমের গ্লোবাল হেড অব সেলস দিমিত্রি বোলদিরেভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। অনুষ্ঠানে জানানো হয়, রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বাংলাদেশকে এই সার দিচ্ছে। এ সময় কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অস্থিতিশীল আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক বিভিন্ন সংকট কৃষি খাতে অনুভূত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই উদ্যোগ গঠনমূলক বৈশ্বিক সহযোগিতার একটি উত্তম উদাহরণ। উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কাছে ইউরিয়া ব্যতীত অন্যানা সারের মজুত রয়েছে মোট ১০ লাখ ৩৫ হাজার টন, যা ১৯৬১ সালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। তাছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষিখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিগত তিন বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরে ধান উৎপাদন বেড়েছে ৬ শতাংশ, আলু উৎপাদন ১৪ শতাংশ, পেঁয়াজ উৎপাদন ২২ শতাংশ, সবজি উৎপাদন ৩.৭০ শতাংশ এবং সরিষা উৎপাদন উল্লেখযোগ্যভাবে ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button