জাতীয় সংবাদ

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়িয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। এ সময় সিআইডির পক্ষ থেকে আদালতের কাছে সময় আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আরও পাঁচ দিন সময় মঞ্জুর করে আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে, ১৫ জানুয়ারি একই আদালতে মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওই দিন মামলার বাদী তদন্তে অসন্তোষ প্রকাশ করে চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন এবং অধিকতর তদন্তের আবেদন জানান। শুনানি শেষে আদালত সিআইডিকে অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর হাদির লাশ দেশে আনা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। ঘটনায় গত ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। ওসমান হাদির মৃত্যুর পর তা হত্যা মামলা হিসেবে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button