শাকসু নির্বাচন স্থগিতে বিএনপি-ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা

প্রবাহ রিপোর্ট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের পেছনে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে শাকসু নির্বাচনের ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন শিক্ষার্থীরা। শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, এখানে (নির্বাচনে) সূক্ষ্ম একটি সমস্যা আছে, সেটা হয়ত সবাই ধরতে পারছে ন। একটি রাজনৈতিক বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে। যার কারণে আমাদের লড়াইটা আরও দীর্ঘ হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষার্থীদের লড়াই করার জায়গাটা খুব ছোট। একটি রাজনৈতিক দল যখন তার সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে ও শাকসু নির্বাচন আটকানোর জন্য কাজ করে তখন আমাদের লড়াইটা আরও বড় শক্তির জন্য হয়ে যায়। তারা (বিএনপি) চেষ্টা করছে রায় যাতে চেম্বার কোর্টের শুনানিতে না ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভিসি স্যার যতগুলো মাধ্যমে কথা বলা যায় সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন। বিচারপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সবার দপ্তরে কল দিয়েছেন যাতে শাবিপ্রবির শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যায়। তিনি বলেন, উপাচার্য স্যার নির্বাচনের বিষয়ে খুবই আশাবাদী তবে রিটকারীর সঙ্গে যে আইনজীবীদের দেখা গেছে তারা বিএনপিপন্থি। তারা বিষয়টিকে এমন পর্যায় নিয়ে গেছে এটি এখন আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। বিএনপি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই কারণে আমাদের লড়াইটা আরও দীর্ঘ হয়েছে।



