সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জামায়াত আমিরের

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা রক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, সেসব রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করতে প্রস্তুত জামায়াত। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও অভিযোগ করেন ডা. শফিকুর। সামিটে মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উপস্থাপনের পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও কর্মসংস্থান নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। জামায়াত বলছে, এই সামিটের মূল লক্ষ্য হলো নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক-নির্দেশনা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা এবং একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া। দিনব্যাপী এই আয়োজনে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচনার মাধ্যমে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুপারিশ প্রণয়ন করা হবে।



