জাতীয় সংবাদ

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

প্রবাহ রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী ছিলগতকাল শনিবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও কোকোর পরিবার নানা কর্মসূচি পালন করেছে। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। দুই দিন পর তার লাশ দেশে আনা হয় এবং রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দিনটি উপলক্ষে বনানী কবরস্থানে কুরআন খতমের আয়োজন করা হয়। সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা কোকোর কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ ছাড়া বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, এক-এগারোর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান তিনি। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় চলে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন। ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত আরাফাত রহমান কোকো বাংলাদেশ ফুটবলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার অকাল মৃত্যু বিএনপি ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button