২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি ফ্লাইট শুরু

প্রবাহ রিপোর্ট : আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। আর করাচি থেকে শুক্র ও রোববার দিবাগত রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে। গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এই তথ্য জানায়। সূত্রটি জানায়, নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রুর মাধ্যমে নতুন ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের ওয়েবসাইটে জানানো হয়, করাচি-ঢাকা-করাচি টিকিট বুকিং ও ফ্লাইট-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে বিমানের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার অথবা সংস্থাটির ওয়েবসাইটে। ঢাকা থেকে করাচির সরাসরি ফ্লাইট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এ রুটে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএর ফ্লাইট ছিল, কিন্তু লোকসানের কারণ দেখিয়ে ২০১৮ সালে তা বন্ধ করে দেওয়া হয়। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির ধারায় গত বছর করাচি থেকে পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ে। এরপর পাকিস্তানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার-সিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পায়। এখন বিমানও সরাসরি ফ্লাইট চালাতে যাচ্ছে।



