জাতীয় সংবাদ

যারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে তারা মুনাফেক: বিএনপির যুগ্ম মহাসচিব

প্রবাহ রিপোর্ট : যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, “যারা বলে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন- এসব বলে যারা বিভ্রান্ত করছেন তাদের আর কোনো পুঁজি নাই। এজন্য তারা ধর্মকে ব্যবহার করে। “যারা এসব বলে তারা হল মুনাফেক। এসব ফুনাফেকদের ব্যাপারে সতর্ক থাকবেন।” গতকাল রোববার দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, “আমরা নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষায় আমূল পরিবর্তন আনা হবে। সেই সঙ্গে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও একটি চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে।” তিনি বলেন, “যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, অতীতে দেশ চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে নির্বাচিত করতে হবে। যারা ৪-৫টা আসন পাবে না, তারা মানুষকে বিভ্রান্ত করে ভয়-ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে কারচুপি করার চিন্তাভাবনা করছে। “কিন্তু কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। তাই কোনো ষড়যন্ত্র করে ফলাফল ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই।” এ সময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সদস্য মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button