জাতীয় সংবাদ

জামায়াত কর্মীর বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

প্রবাহ রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা অভিযোগ করে বলেন, “সম্প্রতি উচিৎপুরা ইউনিয়নে গণসংযোগে যাই। এ সময় কবির হোসেন তার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করেন। এতে ক্ষুব্ধ হন ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন। তিনি কবিরকে তার দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন। অস্বীকৃতি জানালে আনোয়ারের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা কবিরের বাড়িতে হামলা চালান।”
ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতাকর্মীরা। হামলার বিষয়টি পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেও জানান ইলিয়াস মোল্লা।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, “গণসংযোগে আছি। এ বিষয়ে অবগত নই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।”
নারায়ণগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, “মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পরই পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কর্মকা- কোনোভাবে মেনে নেওয়া হবে না। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

আড়াইহাজার থানার পরিদর্শক রিপন কুমার বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button