আমাদের কিছু হলে আপনারা হাদি হত্যার বিচার নিশ্চিত করবেন : জাবের

প্রবাহ রিপোর্ট : দেশবাসীর উদ্দেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমাদের কিছু হয়ে গেলে আপনারা হাদি হত্যার বিচার নিশ্চিত করবেন। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলার ঘটনায় সবাইকে শাহবাগে এসে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানান তিনি। গতকাল শুক্রবার বিকালে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশে জাবের বলেন, পরিস্থিতি কেউ ঘোলাটে করবেন না। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। হাসপাতালে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মেডিকেলের ভেতরে এবং বাইরে অসংখ্য সাধারণ মানুষ অবস্থান করায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। আপনারা দয়া করে চিকিৎসা সেবা স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে দিন। এ সময় ঢাকা মেডিকেল হাসপাতালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তারসহ ইনকিলাব মঞ্চের আহত বেশ কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা যায়।



