জাতীয় সংবাদ

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ: বিভিন্ন ক্যাডারে ১৪৯০ জনকে নিয়োগ

প্রবাহ রিপোর্ট : ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের দীর্ঘ সাত মাস পর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয় এবং গতকাল শুক্রবার তা জনসমক্ষে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন কারিগরি ও সাধারণ ক্যাডারে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত তারিখে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে। নিয়োগ পরবর্তী সময়ে কোনও কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ তার নিয়োগ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করবে। উল্লেখ্য, গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল কমিশন। সুপারিশকৃতদের মধ্য থেকে পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ১৪৯০ জনকে নিয়োগ দিয়ে এই গেজেট প্রকাশ করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button