জাতীয় সংবাদ
খুলনায় যুবককে গুলি করে হত্যা

এফএনএস: খুলনা মহানগরে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে লবণচরা থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গুলি করার পর স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।



