মুন্সিগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ : গুলিবিদ্ধ ৩

প্রবাহ রিপোর্ট : মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টায় ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল (২২), নিরব (১৩), ইকরাম (১০)। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনের ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারণায় বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, এসময় ককটেল বিস্ফোরণ ও দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দেশি ও বিদেশি একাধিক অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এদিকে আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। যৌথ অভিযানে যোগ দিয়েছে বিজিবি সদস্যরা।



