কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদের আবেদন

প্রবাহ রিপোর্ট : দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শনিবার নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মূসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার আপিল বিভাগের চেম্বার জজের আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। গত ২ ফেব্রুয়ারি কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাহিদ। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। ৩ ফেব্রুয়ারি নাহিদের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে ঢাকা-১১ আসনে কাইয়ুমের নির্বাচনে কোনো বাঁধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। এর আগে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।



