জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন ইস্যুতে সুপারিশ দিতে কমিটি গঠন

প্রবাহ রিপোর্ট : জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিকে কমিটির প্রধান করা হয়েছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিটিতে সদস্য করা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা- এর হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ)। এ কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।



