জাতীয় সংবাদ

বিএনপি জোটের প্রার্থী কাসেমীর নামে মামলা, তদন্তে সিআইডি

প্রবাহ রিপোর্ট : নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন এক সাংবাদিক। মানহানির অভিযোগ এনে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে ‘নিউজ নারায়নগঞ্জ ২৪ ডটকম’ এর সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কাসেমী বাদেও মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।” মামলায় অভিযোগ করা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালে মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। পরবর্তীতে ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর প্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাকে দেড় লাখ টাকা জরিমানা করে। গত ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে চায়ের দোকানে আকাশ ও অন্যান্য সাক্ষীরা মোবাইলে দেখতে পান আসামিদের পরিচালিত ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের লোগো এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। আপত্তিকর ও মানহানিকর ভিডিওটি ওই দিন রাত ১১টার দিকে ফেসবুক পেইজ থেকে মুছে ফেলা হয়। কাসেমী ও অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালের বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি করেছে বলে অভিযোগে দাবি করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button