নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

গণতান্ত্রিক উত্তরণে নতুন বার্তা
প্রবাহ রিপোর্ট : ভোট দিতে না পারার আক্ষেপ মেটানোর দিনে কোটি কোটি তরুণ-যুবক আর দেশের নাগরিকেরা রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে ভোটকেন্দ্রে তাদের রায় প্রদানের এক অনন্য নজির তৈরি করলেন। এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণ বাংলাদেশ আর কখন দেখেনি, স্মরণকালে গণতান্ত্রিক বিশ্বের উন্নত-অনুন্নত অধিকাংশ দেশেও এমন উদাহরণ নেই।
কিছু উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা গণভোটের ভোটগ্রহণ হয়েছে সারা দেশে।
রূপান্তরের এই দিনে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও যেমন বড় ধরনের রক্তাক্ত সহিংসতা হয়নি, তেমনি নেই প্রাণহানি, হানাহানির খবর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘœ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোটের মাঠ থেকে বাংলাদেশ একটি বার্তা পেয়ে গেল, ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না; যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল।
সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ৩৬ দিনে সারা দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকা-ের শিকার হন। তবে নির্বাচনের দিনটি রক্তপাতহীন এক নজিরবিহীন ঘটনার জন্ম দিল বাংলাদেশের জন্য।
ভোটারের দীর্ঘ লাইনে উত্তরণের বার্তা : সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের কথা থাকলেও দেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটাদের ছিল দীর্ঘ লাইন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে রাইজিংবিডির প্রতিনিধিরা এ খবর জানান। কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও কোথাও কোথাও বাড়তে থাকে।
ভিন্ন চিত্র গোপালগঞ্জ : দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া, গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। এতে এক শিশু ও দুই আনসার সদস্যহ আহত হন। এ ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।



