জাতীয় সংবাদ

টেকনাফে ধরা পড়ল ২শ’ কেজির সেইলফিশ

প্রবাহ রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি সেইলফিশ। এই মাছকে স্থানীয় ভাষায় পাখি মাইট্যা মাছ বলে। বিশাল আকৃতির এ মাছটি ফিশারিতে সংরক্ষণ করে পরে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন ট্রলার শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের একটি সেইলফিশ আটকা পড়ে।
ট্রলার মালিক সব্বির আহমদ বলেন, “জাল তোলার সময় এত বড় মাছ দেখে সবাই অবাক হয়। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি। মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।”
তিনি আরো বলেন, “রবিবার সন্ধ্যায় মাছটি শাহপরীর দ্বীপ থেকে এনে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকে বরফসহ গাড়িযোগে চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে।”
মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, “সব্বিরের ট্রলারে ধরা পড়া মাছটি ৪০ হাজার টাকায় কেনা হয়েছে। বর্তমানে মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে, সেখানে বিক্রির প্রস্তুতি চলছে।”
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, “সেইলফিশ বা পাখি মাইট্যা মাছ সমুদ্রের দ্রুতগামী মাছগুলোর মধ্যে অন্যতম। এর পিঠের বড় পাখনা দেখতে অনেকটা পাখির ডানার মতো। তাই স্থানীয় ভাষায় একে পাখি মাইট্যা মাছ বলে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button