সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি আদায়ের আহ্বান

প্রবাহ রিপোর্ট : পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবি নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে তেলাওয়াতের মাধ্যমে খতমে তারাবি সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করলে ২৭ রমজান রাতে অর্থাৎ শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবি নামাজে নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াতের রেওয়াজ রয়েছে। তবে বিভিন্ন মসজিদে পদ্ধতিতে ভিন্নতা থাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের পক্ষে ধারাবাহিকভাবে কোরআন খতম করা সম্ভব হয় না। এ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের জন্য ইমাম, খতিব, মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে উল্লিখিত সূচি অনুযায়ী খতমে তারাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



