ই-মেইলে ওটিপি পাবেন প্রবাসী করদাতারা

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিলের সুবিধার্থে মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানোর মাধ্যমে বিশেষ নিবন্ধনের ব্যবস্থা করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআর এ-সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এনবিআর জানায়, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল ফোন ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করছেন বিধায় মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনবিআর সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি নিশ্চিত করার জন্য তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত করদাতার মোবাইল/ফোন নম্বর ও বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখের তথ্যসহ নিজ ই-মেইল হতে বৎবঃঁৎহ@বঃধীহনৎ.মড়া.নফ ই-মেইলে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর ই-মেইল ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ওই আবেদন পরীক্ষা শেষে তার তথ্য যাচাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা ভেরিফাইড ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজেই করতে পারবেন। ২০২৫-২৬ করবর্ষে এরই মধ্যে অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি ব্যবহার করে প্রায় ৩৯ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। চলতি করবর্ষের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও বাড়বে।



