নরসিংদীর ধর্ষণের পর হত্যার ঘটনায় জকসুর বিক্ষোভ

প্রবাহ রিপোর্টঃ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার ঘটনাসহ সারাদেশে সংগঠিত হওয়া সকল ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জবির কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়।এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’ সহ বিভিন্ন স্লোগান দেন।এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, নির্বাচনের পর সহিংসতা থামেনি।পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সমাজে এখনো নৈরাজ্য থামেনি।পুলিশ প্রশাসন এখনো গণতান্ত্রিক আন্দোলনে বাঁধা দিচ্ছে। সরকার প্রশাসন এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এদেশে সবাই যাতে বাঁচতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছি।জকসু সদস্য ও ইনকিলাব মঞ্চনেত্রী শান্তা আক্তার বলেন , নরসিংদীর এই ধর্ষণ-হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের দলের পরিচয় ব্যতিরেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেককে ঘটনার ন্যায়বিচার কামনা করছি।জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ধর্ষকের রাজনৈতিক পরিচয় নাই। ধর্ষককে সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন ন্যায্য দাবি ও মজলুমের বিরুদ্ধে কাজ করেছে। তারা পোশাক পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করে নাই। এখন স্বাধীন বিচার বিভাগ কোথায়? আপনারা মসজিদ, মন্দির সহ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন।এ সময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, এই রাষ্ট্র ধর্ষকদের বিচার করতে ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে পাথর দিয়ে মানুষ হত্যা, লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হয়েছে, যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে জকসু ভিপি আরও বলেন, আমাকেও মেরে দুদিন পর বুড়িগঙ্গায় লাশ পাওয়া যেতে পারে। তার হত্যার বিচার হবে কিনা কেউ জানে না। হাদি ভাইয়ের মতো বলতে চাই, আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন।
উল্লেখ্য, গতকাল নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে।সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।



