জাতীয় সংবাদ

খাদ্যপণ্য খালাসে গড়িমসি, আইনি ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

প্রবাহ রিপোর্ট ঃ আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার, জাহাজ নির্ধারিত সময়ে খালাস না করে নদীতে দীর্ঘদিন নোঙর করে রাখার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী দেখেন, কয়েকটি লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্যসহ নদীতে নোঙর করে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসময় মন্ত্রী বলেন, জাহাজে অযৌক্তিকভাবে খাদ্যপণ্য ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো চেষ্টা সহ্য করা হবে না। এতে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এছাড়া আমদানিকারক, পরিবহণকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে খাদ্যপণ্য দ্রুত খালাস ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌপরিবহণ অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নিয়মিতভাবে নদীপথে তদারকি কার্যক্রম পরিচালনা করছে। গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের এ ধরনের কঠোর অবস্থানের ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button