জাতীয় সংবাদ

ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি

প্রবাহ রিপোর্ট ঃ গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আলেম আলিরেজা আরাফি ইরানের ‘লিডারশিপ কাউন্সিল’ বা নেতৃত্ব পরিষদের ফকিহ (ধর্মীয় আইনবিদ) সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন কোনো সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এ নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে আল জাজিরা। আরাফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর সঙ্গে যুক্ত হবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রায় চার দশক ধরে শক্তহাতে দেশ শাসন করা অভিজ্ঞ নেতা খামেনির আনুষ্ঠানিক কোনো উত্তরাধিকারী ঘোষণা করা নেই। যে কারণে ৮৮ জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচন করবে। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এই পরিষদকে কেবল একবারই এমন দায়িত্ব পালন করতে হয়েছে। তিন দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্বাচিত করা হয়েছিল। খামেনির স্থলাভিষিক্ত ব্যক্তির নাম ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য পরিষদের সদস্যদের শিগগিরই বৈঠকে বসার কথা রয়েছে। তবে তারা কোনো সভা করার ঝুঁকি নিতে পারবেন কি না তা স্পষ্ট নয়, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, শাসনব্যবস্থাকে লক্ষ্য করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button