চাঁদা দাবি করতে গিয়ে আটক ৩ বিএনপি নেতা কারাগারে

প্রবাহ রিপোর্ট ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে সাঘাটার মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ অভিযোগ মামলা করেন। ওই মামলায় আটক বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া (২৬), ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির (২৫) বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপনকে (২২) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত মোল্লা এগ্রো ফার্মে গিয়ে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানার মালিকের ছোট ভাই শাহিনকে মারধর করেন তারা। এ ঘটনার খবর পেয়ে কারখানার মালিক সেখানে পৌঁছালে তাকেও মারধরের চেষ্টা করা হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে সম্রাট, হাসান কবির ও সৃজন আহমেদ শিপনকে আটক করেন এবং অন্যরা পালিয়ে যান। পরে এ ঘটনায় বুধবার দুপুরে কারখানার মালিক শরিফুল ইসলাম মোল্লা বাদী হয়ে নামীয় চারজনসহ অজ্ঞাত নামা ২-৩ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় আটক তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে বোনারপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে চাঁদাবাজির অভিযোগ মামলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী বিভাগের প্রধান ও জেলা গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সাঘাটা থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



