জাতীয় সংবাদ

জামিনের জন্য কোটি টাকা চাওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

প্রবাহ রিপোর্ট ঃ সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর অভ্যন্তরীণ তদন্ত করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি খবরটি তার বাসায় বসে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি প্রসিকিউটরদের বলেন, তারা যেন সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকেন। বিষয়টি কী, কেন ঘটেছে, এসব বিষয়ে তিনি বিস্তারিত জানার চেষ্টা করেছেন। যে প্রসিকিউটরের কথা বলা হচ্ছে, তিনি সম্ভবত আজ থেকে দুই বা তিন দিন আগে তার কাছে একটি পদত্যাগপত্র দিয়েছিলেন। সাইমুমের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে সংক্ষুব্ধ বলে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আজকে যে নিউজটি প্রকাশ হয়েছে, যদি কোনো ফরমাল অ্যালিগেশন (আনুষ্ঠানিক অভিযোগ) আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আছে, আইনানুগভাবে সে অনুযায়ী ব্যবস্থা নেবো। যদি ফরমাল অ্যালিগেশন আমার কাছে না-ও আসে, তবুও ব্যক্তিগতভাবে, অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা একটি অভ্যন্তরীণ তদন্ত করব। শুধু এই বিষয় নয়, এই ট্রাইব্যুনাল পুনর্গঠন (২০২৪ সালের ৫ আগস্টের পর) হওয়ার পর সব বিষয় নিয়েও একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানান আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button