চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম শিল্প পুলিশ-৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি আনোয়ারার মোহাম্মদপুরে অবস্থিত চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতির ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি ও লোহার রড নিয়ে জোনের পশ্চিম পাশের সীমানা প্রাচীরবিহীন অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। এরপর সিসিটিভি ক্যামেরা ভেঙে জোন কম্পাউন্ড ও কনটেইনারে রাখা বিভিন্ন যন্ত্রপাতি লুটে নিয়ে যায়। এ ঘটনায় কর্তৃপক্ষের পক্ষে স্টোর ম্যানেজার ওয়েন জিইয়ং বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন। শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ গত শুক্রবার হেলাল হোসেন (২৯) নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন ওরফে সোহেল (৩০) ও মো. এসকান্দার ওরফে মদনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম শিল্প পুলিশ-৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



